সর্বশেষ খবর
রাঢ়েশ্বর মন্দিরে করিডর গড়ার তোড়জোড়
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: শ্রাবণ মাসের সোমবারে পশ্চিম বর্ধমানের কাঁকসার আড়ায় অবস্থিত ঐতিহাসিক রাঢ়েশ্বর শিব মন্দিরে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। সকাল থেকেই মহাদেবের মাথায় জল ঢালতে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ঢল নামে। তবে এই তীব্র ভিড়ের মাঝে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। মন্দিরে আগত বহু পুণ্যার্থীই জানান, প্রখর রোদ ও বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য লাইনে দাঁড়ানোর রাস্তায় যদি একটি স্থায়ী মাথার ওপর ছাউনি বা শেডের ব্যবস্থা থাকত, তবে কষ্ট অনেক কম হতো।
ভক্তদের এই সমস্যার বিষয়টি নিয়ে সোমবার মন্দির চত্বরে উপস্থিত হয়ে বিজেপি নেতা শুভাশিষ বন্দ্যোপাধ্যায় জানান, ভক্তদের দুর্ভোগ কমাতে এবং তাৎক্ষণিক সাহায্য দিতে তাঁরা ইতিমধ্যে সেবা শিবির এবং জরুরি মেডিকেল সহায়তা কেন্দ্র চালু করেছেন। একই সঙ্গে মন্দির চত্বরের দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড়সড় ইঙ্গিত মিলেছে। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বিশেষ উদ্যোগের ভিত্তিতে একটি বিশেষজ্ঞ দল খুব শীঘ্রই রাঢ়েশ্বর শিব মন্দির এলাকা পরিদর্শনে আসছে। এই প্রতিনিধি দলটি প্রস্তাবিত ‘রাঢ়েশ্বর করিডর’ তৈরির জন্য প্রাথমিক সার্ভে বা সমীক্ষার কাজ করবে। প্রতিনিধি দলের সদস্যরা পুরো এলাকার ভৌগোলিক অবস্থান এবং জমি খতিয়ে দেখে একটি বিস্তারিত রূপরেখা তৈরি করবেন। স্থানীয় মহলের মতে, অযোধ্যা বা বারাণসীর ধাঁচে যদি কাঁকসার এই প্রাচীন রাঢ়েশ্বর মন্দিরে একটি আধুনিক করিডর গড়ে তোলা সম্ভব হয়, তবে শুধু পুণ্যার্থীদের ভোগান্তিই দূর হবে না, তার পাশাপাশি এই গোটা এলাকার অর্থনৈতিক ও সার্বিক চিত্রটাই বদলে যাবে।

