নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকা জরিমানা!
নিজস্ব সংবাদদাতা, হুগলি: বিয়ে বা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিতরা না এলে সাধারণত মন খারাপ হয়। কিন্তু নিমন্ত্রণ রক্ষা না করায় আমন্ত্রিতদের ওপর সরাসরি ‘জরিমানা’ ধার্য করার মতো নজিরবিহীন ঘটনা বোধহয় এর আগে ঘটেনি। আর এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়ে হুগলির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে হইচই ফেলে দিয়েছেন হুগলি-চুঁচুড়া পুরসভার এক কর্মী। আমন্ত্রিতরা অনুষ্ঠান বাড়িতে খেতে না আসায় আর্থিক ক্ষতি হয়েছে, এই যুক্তিতে তাঁদের প্রত্যেকের ওপর ৫০০ টাকা করে জরিমানা ধার্য করেছেন তিনি।অভিযুক্ত ওই কর্মীর নাম সুখেন ঘোষ। তিনি হুগলি-চুঁচুড়া পুরসভারই পাইপলাইন বিভাগের কর্মী এবং ওই এলাকারই বাসিন্দা। দিন কয়েক আগে নিজের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে পুরসভার বিভিন্ন স্তরের কর্মী, আধিকারিক এবং পরিচিতদের সপরিবারে নিমন্ত্রণ করেছিলেন সুখেন। আমন্ত্রিতদের জন্য আয়োজনও করেছিলেন এলাহি খাবারের। কিন্তু অভিযোগ, বহু মানুষ কার্ড পেয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি। ফলে বিপুল পরিমাণ খাবার নষ্ট হয় এবং সুখেনের মোটা টাকা লোকসান হয়।

