বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

বিহার থেকে রাজস্থান—অবশেষে এক মাস পর নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
বিহার থেকে রাজস্থান—অবশেষে এক মাস পর নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: প্রথমে বিহার, তারপর রাজস্থান—দীর্ঘ এক মাসের নিরলস তদন্তের পর অবশেষে নিখোঁজ দুই স্কুলছাত্রীকে নিরাপদে উদ্ধার করে বড় সাফল্য পেল বর্ধমান জিআরপি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত তথ্য এবং বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের ভিত্তিতে গত ৩১ জুলাই রাজস্থানের ফুলবাগ এলাকা থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২ আগস্ট তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১ জুলাই মেমারির দুই স্কুলছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর স্কুলে পৌঁছায়নি। পাঁচজন একসঙ্গে বাড়ি থেকে বের হলেও তিনজন স্কুলে যায়। অপর দুই বান্ধবী মেমারিতে এসে তাদের কাছে থাকা প্রায় ২ হাজার টাকা এবং কিছু রুপোর গয়না বিক্রি করে একটি মোবাইল ফোন কেনে। এরপর কাউকে কিছু না জানিয়ে প্রথমে বিহারে এবং পরে রাজস্থানে চলে যায়।

পরিবার প্রথমে মেমারি থানায় অভিযোগ জানালে বিষয়টি বর্ধমান জিআরপির আওতাভুক্ত হওয়ায় সেখানে অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়। ১৪ই জুলাই বর্ধমান জিআরপি থানায় লিখিত অভিযোগ জমা পরার পরেই তদন্ত শুরু করে জিআরপি। ধারাবাহিক তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত দুই কিশোরীর অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে দুই ছাত্রী জানায়, বাড়িতে বকাবকির কারণে অভিমান করে তারা কাজের খোঁজে বাড়ি ছেড়েছিল। রাজস্থানে একটি কারখানার গোডাউনে তারা থাকছিল। সেখানে তাদের থাকার ও কাজের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দীর্ঘ এক মাসের নিরলস তদন্তের পর দুই কিশোরীকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় বর্ধমান জিআরপির এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

আরও খবর