জঙ্গি দমনে বড় পদক্ষেপ নবান্নের, তৈরি হচ্ছে ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে জঙ্গি নেটওয়ার্কের কোমর ভাঙতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে এবার বড়সড় পরিকাঠামোগত রদবদলের পথে হাঁটছে রাজ্য সরকার। মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির আদলে এবার পশ্চিমবঙ্গও নিজস্ব অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) গড়ে তোলার পরিকল্পনা করছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশ প্রশাসনের এই নতুন দপ্তরটি কীভাবে কাজ করবে, তা নিয়ে ইতিমধ্যে একটি প্রাথমিক খসড়াও তৈরি করে ফেলেছে স্বরাষ্ট্র দপ্তর।
বর্তমানে রাজ্যে জঙ্গি দমন ও নাশকতামূলক কার্যকলাপ রুখতে দুটি পৃথক বাহিনী কাজ করে— কলকাতা পুলিশের অধীনে একটি স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং রাজ্য পুলিশের নিজস্ব একটি এসটিএফ। অনেক সময়ই দুই বাহিনীর মধ্যে সমন্বয় বা গোয়েন্দা তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হয়। নবান্ন সূত্রের খবর, সেই খামতি দূর করতেই এবার কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের এই দুই পৃথক এসটিএফ-কে ভেঙে দিয়ে তাদের সংযুক্তিকরণের (Merge) পরিকল্পনা চলছে। দুটি বাহিনীকে এক ছাতার তলায় এনে রাজ্যে একটিই শক্তিশালী এবং সুসংহত ‘এসটিএফ’ বা ‘এটিএস’ তৈরি করা হবে, যার এক্তিয়ার থাকবে গোটা রাজ্য জুড়ে।এই নতুন ও আধুনিক কাউন্টার-টেররিজম ইউনিট গঠনের বিষয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে একাধিক দফায় উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে।
মনে করা হচ্ছে, এই সংযুক্তিকরণের ফলে রাজ্যজুড়ে জঙ্গি দমনের অভিযানে গতি আসবে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির (যেমন এনআইএ বা আইবি) সঙ্গে তথ্য আদানপ্রদান অনেক সহজ হবে। খসড়া প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য শীঘ্রই মন্ত্রিসভায় পাঠানো হতে পারে বলে খবর।

