বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের বড় উপহার, ৬০ বছর কাজের ভাবনা

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের বড় উপহার, ৬০ বছর কাজের ভাবনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বারাসত: পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের জন্য বড়সড় সুখবর শোনাল রাজ্য সরকার। এক দশকেরও বেশি সময় ধরে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্তদের এবার ৬০ বছর বয়স পর্যন্ত কাজের সুযোগ করে দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। একইসঙ্গে তাঁদের উপযুক্ত সম্মানিক এবং চিকিৎসা সুবিধাও দেওয়া হতে পারে। রবিবার উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার বিদ্যাসাগর হলের একটি মঞ্চ থেকে এই ইঙ্গিতপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি প্রস্তাব চূড়ান্ত করে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

রবিবার বারাসতে গ্রাম রোজগার সহায়কদের রাজ্যস্তরের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী। সেখানে কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনারা ১০-১৫ বছর ধরে কাজ করছেন। আপনাদের যোগ্য সম্মান, পারিশ্রমিক ও চিকিৎসা সুবিধা দিতে এবং কমপক্ষে ৬০ বছর বয়স পর্যন্ত যাতে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা সংক্রান্ত কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।” 
মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন স্তরে বর্তমানে প্রায় এক লক্ষ অস্থায়ী কর্মী যুক্ত রয়েছেন। এই বিশালসংখ্যক কর্মীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে ইতিমধ্যেই দপ্তরের সচিব ও কমিশনার-সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা সম্পন্ন হয়েছে।
তবে শুধু সুযোগ-সুবিধাই নয়, কাজের স্বচ্ছতা নিয়েও এ দিন কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি সাফ জানান, সরকারি টাকা নয়ছয় বা কোনও ধরনের দুর্নীতি হলে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে। এর পাশাপাশি গ্রামে কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে জোর দেন মন্ত্রী। তিনি তথ্য দিয়ে জানান, পঞ্চায়েত দপ্তরের হাতে বর্তমানে প্রায় ১৪,২০০ কোটি টাকা পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে। সেই তহবিলকে কাজে লাগিয়েই গ্রামীণ এলাকার উন্নয়ন ও কাজের সুযোগ বৃদ্ধি করা হবে। লোকসভা বা বিধানসভা নির্বাচনের আবহের বাইরে গিয়ে রাজ্যের এক লক্ষ অস্থায়ী কর্মীর জন্য মন্ত্রীর এই সামাজিক সুরক্ষার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবর