সর্বশেষ খবর
মাঝ আকাশে বিমানে হামলার প্রশংসা, হুমকি আল-কায়েদার
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝ আকাশে সহ-পাইলটের সেই রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক স্তরে চাঞ্চল্যকর মোড়। মাঝ-আকাশে রক্তক্ষয়ী সংঘাতের সেই ভয়াবহ ঘটনাকে এবার প্রকাশ্যেই ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে সাধুবাদ জানাল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। ওমানি সহ-পাইলট হামাম আল-হাম্মামির এই আত্মঘাতী পদক্ষেপকে খোলাখুলিভাবে সমর্থন ও প্রশংসা করেছে ইয়েমেনের শক্তিশালী জঙ্গি গোষ্ঠী ‘আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা’ (AQAP)।
উক্ত জঙ্গি সংগঠনের মুখপত্র ‘আল-বায়ান’-এর সাম্প্রতিক এক সম্পাদকীয়তে ওমানি সহ-পাইলটের ভূয়সী প্রশংসা করে বলা হয়েছে, “যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি।” শুধু তাই নয়, আমেরিকার এবং ইজরায়েলের বিমানগুলিকে লক্ষ্য করে আগামী দিনে এই ধরনের আরও ভয়ংকর হামলার হুমকিও দেওয়া হয়েছে ওই সম্পাদকীয়তে। জঙ্গি সংগঠনের দাবি, যদি ওই দিন বিমানটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া যেত, তবে মধ্যপ্রাচ্যের শক্তিসাম্যই সম্পূর্ণ বদলে যেত। যদিও এই ওমানি পাইলটের সঙ্গে তাঁদের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।
কয়েক দিন আগেই দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে তুমুল তাণ্ডব চালান সহ-পাইলট হামাম। তিনি আচমকাই ককপিটে রাখা আপৎকালীন কুঠার নিয়ে প্রধান পাইলট, ভারতীয় বংশোদ্ভূত স্মিত মচ্ছরের উপর প্রাণঘাতী হামলা চালান। রক্তাক্ত অবস্থাতেও ক্যাপ্টেন স্মিত ককপিটের দরজা খুলে দিতেই যাত্রীরা ভিতরে ঢুকে ওই ওমানি সহ-পাইলটকে জাপটে ধরেন। ততক্ষণে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট নীচে নেমে গিয়েছিল। অবশেষে ককপিটে থাকা অন্য পাইলটদের তৎপরতায় সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে রক্ষা পান ১৮২ জন যাত্রী। সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ইতিমধ্যেই ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে ঘোষণা করে তদন্ত শুরু করেছে। এই আবহে আল-কায়েদার সরাসরি এই হুমকি গোটা বিশ্বের বিমান পরিষেবার নিরাপত্তা নিয়ে নতুন করে বড়সড় উদ্বেগের সৃষ্টি করল।

