নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস, আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তর
রিচা দত্ত, মুর্শিদাবাদ: নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার দুপুরে সামশেরগঞ্জের ডাকবাংলো এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, শনিবার দুপুরে সামশেরগঞ্জ থানার পুরনো ডাকবাংলো এলাকায় নিজের বাড়ির একটি ঘরে একাই বিশ্রাম নিচ্ছিলেন জিৎ বিড়ি ফ্যাক্টরির মালিক তথা ঋতব্রতপন্থী গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। হঠাৎই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন পরিবারের সদস্যরা। ছুটে গিয়ে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকলবাহিনী।
প্রথমে তাঁকে তাঁরই মালিকাধীন ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসক সূত্রে খবর, বিধায়কের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।
এ ঘটনায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দুঃখ প্রকাশ করেন জানান সে খুবই ভালো একটি ছেলে, তার সঙ্গে এমনটা হয়েছে শুনে খারাপ লাগলো, তার দ্রুত সুস্থতা কামনা করি।

