সর্বশেষ খবর
একুশে মমতার পা ভাঙেইনি, পিজি-র রিপোর্ট ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের বীরুলিয়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে এক বিশাল টার্নিং পয়েন্ট ছিল। হুইলচেয়ারে বসে ‘ভাঙা পায়েই খেলা হবে’ স্লোগান তুলে রাজ্যজুড়ে সাড়া জাগানো প্রচার চালিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর, সেই একই স্থান বীরুলিয়া থেকেই এই প্রসঙ্গ টেনে এক বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, সেদিন মমতার পায়ে আদপে কোনও ফ্র্যাকচারই হয়নি!
নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে অতীতের সেই হাই-ভোল্টেজ বিতর্ককে নতুন করে উসকে দিয়েছেন শুভেন্দু। বীরুলিয়ার ওই নির্বাচনী জনসভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি দাবি করেন, সেদিনের চিকিৎসার সমস্ত গোপন সরকারি নথি এখন তাঁর হাতের মুঠোয় রয়েছে। শুভেন্দুর কথায়, “মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি পিজি (SSKM) হাসপাতালে গিয়েছিলাম। এক্স-রে প্লেট তো ডাক্তারের কাছে থাকে না, রোগী পেয়ে যায়। কিন্তু হাসপাতালের নথিতে আসল রিপোর্টটা সংরক্ষিত থাকে। আমার কাছে সেই কাগজটা রয়েছে। সেখানে ডাক্তাররাই স্পষ্ট লিখেছিলেন— ‘নো ফ্র্যাকচার’।”
এখানেই না থেমে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, ভালো পায়ে স্রেফ ব্যান্ডেজ বেঁধে রাজ্যবাসীকে বিভ্রান্ত করা হয়েছিল। কেউ যদি তাঁর এই দাবিকে চ্যালেঞ্জ করতে চান, তবে তিনি সঠিক সময়ে সেই আসল রিপোর্ট জনসমক্ষে এনে সত্যিটা প্রমাণ করে দেবেন। ২০২১ সালের ১০ মার্চ রেয়াপাড়ার বীরুলিয়া বাজারে ভোটের প্রচারে গিয়ে বাঁ পায়ে ও কোমরে গুরুতর চোট পেয়েছিলেন মমতা। তৃণমূলের তরফে তখন অভিযোগ করা হয়েছিল, চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পরিকল্পনা করে গাড়ির দরজা চেপে তাঁর পা পিষে দিয়েছিল। যদিও কমিশনের রিপোর্টে নাশকতার তত্ত্ব খারিজ হয়ে যায়। ৫ বছর পর সেই বীরুলিয়ার মাটি থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর চোটকে ‘ভুয়ো’ দেগে দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই আক্রমণ ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

