বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

রেশনে পুজো উপহার, মিলবে অর্ধেক দামে চিনি-ময়দা-সুজি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬
রেশনে পুজো উপহার, মিলবে অর্ধেক দামে চিনি-ময়দা-সুজি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরসুমে রাজ্যের সাধারণ মানুষের জন্য বড়সড় উপহারের ঘোষণা করল রাজ্য সরকার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলির জন্য বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’ নিয়ে এল খাদ্য দফতর। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এই নতুন প্যাকেজের কথা ঘোষণা করেন। তিনি জানান, এবার রেশনের নির্দিষ্ট কিছু খাদ্যসামগ্রী মিলবে বর্তমান বাজার মূল্যের চেয়ে এক্কেবারে ৫০ শতাংশ ছাড়ে অর্থাৎ অর্ধেক দামে।

খাদ্যমন্ত্রী এদিন বিগত সরকারের নীতি ও বর্তমান সিদ্ধান্তের তুলনা টেনে বলেন, “অতীতে উৎসবের মরসুমে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীর উপর মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হত। সাধারণ মানুষের সুবিধার্থে আমাদের সরকার সেখানে এবার এক লাফে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।” সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার সরাসরি সরকারের এই পুজো উপহারের সুবিধা পাবেন।
এই বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজে’র আওতায় রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে নির্দিষ্ট পরিমাণে কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে। খাদ্য দফতর জানিয়েছে, প্রতিটি পরিবার রেশনের দোকান থেকে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি কিনতে পারবেন। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের পাতে যাতে কম খরচে মিষ্টি বা পছন্দের খাবার তুলে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই তিনটি সামগ্রীকে বেছে নেওয়া হয়েছে।
রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও জানান, বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা এখনও রাজ্যকে বইতে হচ্ছে। তা সত্ত্বেও উৎসবের মরসুমে মানুষের মুখে হাসি ফোটাতে পিছপা হয়নি সরকার। এই বিশেষ উৎসব প্যাকেজটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার এবার প্রায় ১১৪ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করছে। সরকারের দাবি, উৎসব উপলক্ষে রেশন উপভোক্তাদের জন্য এই পরিমাণ আর্থিক বরাদ্দ অতীতের যে-কোনও সময়ের তুলনায় বহুগুণ বেশি। পুজো শুরুর আগেই সমস্ত রেশন দোকানে এই সামগ্রীগুলি পৌঁছে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও খবর