বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

তৃণমূলের প্রভাবশালী নেতা আরমান ভোলা ও সহযোগী অরুণাভ গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ মে, ২০২৬
তৃণমূলের প্রভাবশালী নেতা আরমান ভোলা ও সহযোগী অরুণাভ গ্রেপ্তার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে প্রথম দফার ভোটের দিন সাতসকালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন হলদিয়ার বিতর্কিত  প্রভাবশালী নেতা আমির আলি ওরফে আরমান ভোলা এবং তাঁর ডানহাত বলে পরিচিত সহযোগী অরুণাভ কুইতি। মঙ্গলবার রাতে এক গোপন অভিযানে কলকাতার রাজারহাট এলাকা থেকে আরমানকে জালে তোলে পুলিশ। অন্যদিকে, হলদিয়া থেকেই গ্রেপ্তার করা হয় অরুণাভকে। ধৃতদের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়, অস্ত্র আইন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন চলাকালীন হলদিয়া শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আরমান ভোলা ও অরুণাভ কুইতি এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখান এবং জোর করে ওই ব্যক্তির থেকে ১০ হাজার টাকা ছিনতাই করেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন আরমান। 
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কলকাতায় আত্মগোপন করে আছেন তিনি। সেই তথ্যের ভিত্তিতেই রাজারহাটে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, আরমান ভোলার রাজনৈতিক ইতিহাস বেশ চমকপ্রদ এবং বিতর্কিত। দীর্ঘদিন ধরেই হলদিয়া ও সংলগ্ন অঞ্চলের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। একসময় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বদলে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর দীর্ঘ চার বছর বিজেপিতে কাটানোর পর, ২০২৬ সালের চলতি বিধানসভা নির্বাচনের ঠিক মুখে তিনি ফের পুরনো দল তৃণমূলে ফিরে আসেন। স্থানীয় স্তরে প্রভাবশালী এই নেতার দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। তবে আরমানের বিরুদ্ধে অপরাধের রেকর্ড এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। সেবার নেতাজিনগরের টোলপ্লাজা এলাকায় আরমানের গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বন্দুক এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছিল পুলিশ। ওই সব অস্ত্রের কোনও বৈধ লাইসেন্স তখন দেখাতে পারেননি তিনি।
পালাবদলের পর রাজ্যে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। সল্টলেকে এক বিধায়ক নিজেই ফোনে অভিযুক্তকে ডেকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর থেকেই দুর্নীতিগ্রস্ত নেতাদের ওপর চাপ বাড়ছিল। আরমান ভোলার এই গ্রেপ্তারি সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করা হচ্ছে।

আরও রাজ্য খবর