মেসিকাণ্ডের তদন্তে ফাইল চাইলেন নিশীথ
নিজস্ব প্রতিনিধি: যুবভারতীতে আয়োজিত সেই ‘মেসিকাণ্ড’ ঘিরে এবার কড়া অবস্থান নিতে চলেছে রাজ্যের নবনির্বাচিত সরকার। মঙ্গলবার ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়েই মেসিকাণ্ডের ফাইল তলব করলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। গত বছর ডিসেম্বরে লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা নিয়ে দুর্নীতির ইঙ্গিত দিয়ে সরাসরি সরব হয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকেই নিশীথ স্পষ্ট জানান, সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টাইন মহাতারকাকে এক ঝলক দেখার জন্য কয়েক হাজার মানুষ বিপুল টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু অভিযোগ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ মহলের রাজনৈতিক হস্তক্ষেপে এবং চূড়ান্ত অব্যবস্থাপনায় গোটা অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। এমনকি মাঠের ভেতর তালিকার বাইরে থাকা মানুষদের সেলফি তোলার হুড়োহুড়িতে মেসি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। ঘটনার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও কলকাতার মুখ পুড়েছিল। সেই সময়ে আয়োজক শতদ্রু দত্ত গ্রেপ্তারও হয়েছিলেন।
নিজের দপ্তরে বসে মঙ্গলবার নিশীথ বলেন, ওই ঘটনাটি ছিল অত্যন্ত নিন্দনীয়। আমি ইতিমধ্যে ফাইল চেয়ে পাঠিয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর বোঝা যাবে ঠিক কী ভুল হয়েছিল। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকরণ এবং স্বজনপোষণ চরম সীমায় পৌঁছেছিল। এর পাশাপাশি মন্ত্রীর ইঙ্গিত, যাঁরা টিকিট কেটেও হয়রানির শিকার হয়েছিলেন, তাঁদের দিকটিও সরকার খতিয়ে দেখবে।রাজনৈতিক মহলের মতে, নতুন ক্রীড়ামন্ত্রী তাঁর প্রথম ইনিংসেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে সরাসরি আঙুল তুলে আগের সরকারের আমলের অস্বস্তিকর অধ্যায়টিকে ফের খুঁচিয়ে তুললেন। নিশীথ প্রামাণিকের কথায়, ময়দানকে রাজনীতিমুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। এর পাশাপাশি তিনি ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প রাজ্যে দ্রুত কার্যকর করারও আশ্বাস দিয়েছেন। মেসিকাণ্ডের এই তদন্তের জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়ামহল।

