'ক্ষমতার নেশা কেটে যাবে' মমতাকে খোঁচা দিলীপের
নিজস্ব সংবাদদাতা: ইস্তফা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বুধবার তীব্র খোঁচা দিলেন বিজেপির সদ্য নির্বাচিত বিধায়ক দিলীপ ঘোষ। মমতাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে দিলীপ বলেন, 'তিনি শাড়ি পরা ট্রাম্প, দু'দিন পর ক্ষমতার নেশা কেটে যাবে।'
এদিকে মমতা জানিয়েছেন, তিনি হারেননি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই। যা নিয়ে চর্চা চলছে সর্বত্র।
এদিন সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ করেন। তিনি বলেন, 'ক্ষমতার নেশা কাটলেই কালীঘাট চলে যাবেন। জনতা তাঁকে অবসর হয়ে তাড়িয়েছে। নেওয়ার বয়স গিয়েছে। তিনি কাউকে বিশ্বাস করেননি। এখন জনতার রায়কে বিশ্বাস করছেন না। ট্রাম্প বলেছিলেন, আমি হারিনি। হারতে পারি না। তাঁর এখন সেই অবস্থা।'
এমনিতে রাজ্য বিধানসভার মেয়াদ ৭ মে পর্যন্ত। তাই নিয়ম অনুযায়ী, ৭ মের পর মুখ্যমন্ত্রী পদে থাকার কথা নয় মমতার। এখন যদি তিনি ইস্তফা দিতে না চান, তাহলে তাঁর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করতে পারেন রাজ্যপাল।

