বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

নিখোঁজ অশোক, ভাইফোঁটার সকালে দাদার অপেক্ষায় বোন

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬
নিখোঁজ অশোক, ভাইফোঁটার সকালে দাদার অপেক্ষায় বোন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাত পোহালেই ভাইফোঁটা। প্রতি বছর এই পুণ্য লগ্নে নিয়ম করে দাদার কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা দিতেন বোন কবিতা দাস। আর পাঁচটা বছর এই সময়টায় বাড়ির অন্দরে যে উৎসবের মেজাজ থাকত, এবার তা উধাও। উৎসবের আলো ম্লান করে চার দেওয়ালের মাঝে গ্রাস করেছে এক বুক শূন্যতা। কারণ, দীর্ঘ ৮০ দিন ধরে নিখোঁজ তাঁর দাদা অশোক পাল। নেপালের সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

অশোকবাবু বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা। তিনি কর্মসূত্রে নেপালে থাকতেন। ছুটি পেলেই বর্ধমানের টিকরহাটে বোনের বাড়িতে আসতেন। ভাইফোঁটা দেওয়ার জন্য দিন গুনতেন বোন। কিন্তু প্রকৃতির রুদ্ররূপ সবকিছু ওলটপালট করে দিয়েছে। হড়পা বানে নেপালের একাংশ নিশ্চিহ্ন হয়ে যায়। সেখানকার রসুয়ায় পাওয়ার প্ল্যান্টে কাজ করতেন অশোকবাবু। জলের স্রোতে সেটিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অশোকবাবুর বোন কবিতা বলেন, সেই বিপর্যয়ের পর থেকে দাদার আর খোঁজ পাচ্ছি না।
তবুও মন মানতে নারাজ বোনের। উৎসবের সকালে এখনও আশা ছাড়েননি কবিতা। প্রতি মুহূর্তের অপেক্ষায় দিন গুনছেন তিনি। মনে মনে বিশ্বাস করছেন, দাদা ঠিক ফিরে আসবে। তাঁর হাত থেকে ফোঁটা আর উপহার নেবে, আবার আদরের বোনের হাতেও কিছু না কিছু তুলে দেবে। এই আকুলতা থেকেই প্রতিদিন নিয়ম করে নিখোঁজ দাদা অশোক পালের মোবাইল নম্বরে ডায়াল করে চলেছেন বোন। কিন্তু ওপার থেকে কোনও উত্তর আসছে না, কেবলই ভেসে আসছে নীরবতা।
দাদার সন্ধানে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন কবিতা। সরকারি আধিকারিক থেকে শুরু করে পুলিশের কাছে বারবার আরজি জানিয়েছেন একটুখানি খবরের জন্য। কিন্তু এখনও পর্যন্ত কেউ অশোকবাবুর কোনও সুনির্দিষ্ট খোঁজ দিতে পারেনি। প্রশাসনের তরফে কোনও সদুত্তর না মেলা সত্ত্বেও হাল ছাড়তে রাজি নন বোন। দাদার প্রিয় মিষ্টি কিনে ইতিমধ্যেই থালায় সাজিয়ে রেখেছেন তিনি। বারবার ব্যাকুল চোখে তাকিয়ে থাকছেন মোবাইলের স্ক্রিনের দিকে। ওপার থেকে যদি একটা বারও ভেসে আসে চেনা কণ্ঠস্বর— ‘বোন, আমি আসছি রে, তুই ফোঁটার থালা সাজা!’