রাজ্য
অন্নপূর্ণা ভাণ্ডার সারা বছর অনলাইনে আবেদন করা যাবে
প্রকাশিত: ১৪ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ১ জুন থেকে অন্নপূর্ণার ভাণ্ডার নামে নতুন প্রকল্প চালু হচ্ছে। মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন। সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের নির্বাচনি সংকল্পপত্র অনুযায়ী, নতুন এই ভাতা থেকে কাউকেই বঞ্চিত করা হবে না। পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাপ্রাপকরা তো বটেই, পাশাপাশি নতুন উপভোক্তারাও যুক্ত হবেন এই প্রকল্পে।
নারী ও শিশুকল্যাণ দপ্তর অনলাইনে আবেদন নেওয়ার কাজ শুরু করবে। তাই আর ‘দুয়ারে সরকার’ ক্যাম্প বা লম্বা লাইনে দাঁড়ানোর দরকার হবে না।
বিধায়ক হিসেবে শপথগ্রহণের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, সব মহিলাই অনলাইনে সারা বছর আবেদন করতে পারবেন। আবেদন করতে খুব সহজ একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। আগামী মাসের প্রথম দিন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের পাশাপাশি নতুন অনুরোধকারীরাও টাকা পেতে শুরু করবেন বলে জানা গিয়েছে জেলা প্রশাসনও প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
শাসকদল বিজেপি আলোচনা করছে বার্ধক্য ভাতা বাড়ানোর বিষয়ে। বর্তমানে যে এক হাজার টাকা পাওয়া যায়, তা বাড়িয়ে দুই হাজার করা হতে পারে।
নতুন ভাতা-মেয়াদসহ মোয়াজ্জেন ভাতাও চালু থাকবে এবং সব ভাতা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।প্রশাসনের একাংশের দাবি, পূর্বতন সরকারের একেবারে শেষ বেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছিল। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার অবশ্য ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্নকে আরও মজবুত করতে উদ্যোগ নিচ্ছে। আর সেই সুবাদেই জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে এই অনলাইন পরিষেবা চালু করার ভাবনা। খুব শীঘ্রই এই পোর্টালের খুঁটিনাটি জানিয়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর।
তবে যাঁদের নাম এসআইআরে বাদ পড়েছে, তাঁরা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। এমনই সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ট্রাইবুনালে যাঁদের নাম এখনও বিচারাধীন এবং যাঁরা সিএএ’র অধীন নাগরিকত্বের আবেদন করেছেন, তাঁদের যাবতীয় সরকারি সুবিধা প্রদান চলবে স্বাভাবিক ছন্দেই।
তবে আবেদনের জন্য পোর্টাল শীঘ্রই চালু হবে। কিভাবে আবেদন করতে হবে এবং কী কী নথি লাগবে, সে সব খুঁটিনাটি খুব শিগগিরই জানানো হবে বলেই দপ্তরের কর্তারা নিশ্চিত করেছেন।

