সর্বশেষ খবর
সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়িতে ইডি-র হানা
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন। দুর্গাপুজোর পাস বিক্রির নামে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই অভিযানের অংশ হিসেবেই এদিন হুগলির সিঙ্গুর বিধানসভার ছুটিপুরে ইন্দ্রনীল সেনের বিলাসবহুল বাগানবাড়ি ‘মোহর’-এ হানা দেয় ইডি। সকাল সাড়ে ছ’টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর তিন গাড়ি জওয়ান এবং দুটি গাড়িতে ইডি আধিকারিকরা এসে গোটা বাগানবাড়িটি ঘিরে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত-আট বছর আগে এই ছুটিপুর এলাকায় একটি বড়সড় ফাঁকা জায়গা কেনেন তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেন। পরবর্তী সময়ে সেখানেই গড়ে তোলা হয় এই সুদৃশ্য বাগানবাড়ি, যার নাম দেওয়া হয় ‘মোহর’। মঙ্গলবার সকাল থেকে এই বাগানবাড়ির মূল ফটক আটকে ভেতরে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র। ইডি সূত্রে খবর, কলকাতার কসবার পাশাপাশি হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক-সহ মোট ১৫টি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তালিকায় রয়েছে প্রাক্তন মন্ত্রীর আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িও।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে পুজো পরিক্রমার ‘ভুয়ো পাস’ বা প্রিভিউ শো-এর টিকিট বিক্রি করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে। ভুয়ো বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ওই সংস্থাটি বেআইনিভাবে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করেছিল বলেও অভিযোগ। সেই আর্থিক কেলেঙ্কারির সুত্র ধরেই এদিন প্রাক্তন মন্ত্রীর এই বাগানবাড়িতে হানা দেন আধিকারিকরা। এই তল্লাশিকে কেন্দ্র করে সকাল থেকেই সিঙ্গুরের ছুটিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

