প্রার্থী প্রচারে এসে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন শমীক
রিচা দত্ত, মুর্শিদাবাদ: "মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না যে তিনি হেরে গিয়েছেন।" রেজিনগরে ভোট প্রচারে এসে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিকে নিশানা করার পাশাপাশি কংগ্রেস সহ সব দলকে একযোগে আক্রমণ করেন তিনি।
বুধবার রেজিনগর বিধানসভার কাজীশা এলাকায় বিজেপি প্রার্থী শঁখারভ সরকারের সমর্থনে সভা করেন শমীক ভট্টাচার্য। সভা শেষে তিনি বলেন, "কোথায় বিরোধী? এটাই তো বুঝতে পারছি না। কোন বিরোধী? বিরোধী নেই। আপনারা সবাই মিলে সাংবাদিকরা মিলে একটা বিরোধী দল তৈরি করুন। আপনারা শিক্ষিত, মার্জিত, রাজনীতি বোঝেন। আপনারা একটা দল তৈরি করুন পশ্চিমবঙ্গে। কারণ গণতন্ত্রের সাফল্য তখনই আসে যখন বিরোধী দল থাকে।"
এদিন তিনি আরও বলেন, বিজেপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে ফারাক করে না। তাঁর কথায়, "আমরা সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ বলে কোনো আলাদা করি না। আমাদের কাছে সবাই পশ্চিমবঙ্গবাসী।
কংগ্রেসকে নিশানা করে শমীক বলেন, "ব্যালটে ভোট হলেও মল্লিকার্জুন খাড়গের পার্টি হারবে। ইভিএম হলেও হারবে। যদি বাড়িতে বসে ইন্টারনেটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আরও বেশি ভোটে হারবে। কংগ্রেস একটা পরজীবী রাজনৈতিক দল। "
ইন্ডি জোট প্রসঙ্গে তিনি বলেন, "উনি তো রাহুল গান্ধীকে অপমান করে খাড়গেজিকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়ে উঠে বেরিয়ে চলে এসেছিলেন। আবার এখন জোট, তাও কংগ্রেসের সঙ্গে।"
এসআইআর বিতর্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হয়ে প্রশংসা করেন শমীক। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের মানুষের কাছে জ্ঞানেশ কুমার একদম ভগবান। সত্তর বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গের মানুষ এই নির্বাচন দেখেনি। ভয়মুক্ত, হিংসামুক্ত, ভোট-পরবর্তী ও ভোট-পূর্ববর্তী সংঘর্ষমুক্ত এবং ভুয়ো ভোটারমুক্ত ভোটার লিস্ট করে যিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিস্থিতি তৈরি করেছেন, তার নাম জ্ঞানেশ কুমার।"

