সর্বশেষ খবর
কুড়ি দিনে ছোবল ১৪ জনকে, সাপের আতঙ্ক কেতুগ্রামে
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: মাত্র ২০ দিনে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ১৪ জন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে দু’জনের। কেউ এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তো কেউ আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাপের এই নজিরবিহীন উপদ্রব এবং পরপর দুটি মৃত্যুর জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম-২ নম্বর ব্লকের বিলেশ্বর পঞ্চায়েতের কোপা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে গ্রামের আনাচে-কানাচে আচমকাই সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। ঘরে-বাইরে সর্বত্রই বিষধর সাপের আনাগোনায় ত্রস্ত কোপা গ্রামের বাসিন্দারা। সাপের কামড়ে পরপর মৃত্যুর ঘটনা ঘটায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। সাপের ভয়ে এখন কার্যত ঘরবন্দি গোটা গ্রাম। সন্ধ্যা নামার আগেই শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট।
গ্রামবাসীদের অভিযোগ, অন্ধকারের সুযোগে কখন বিষধর সাপ কামড়ে দেবে, সেই আতঙ্কে কেউ রাতে শান্তিতে ঘুমাতে পারছেন না। লাঠি আর টর্চ হাতে কার্যত জেগেই রাত কাটাচ্ছেন পুরুষেরা। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন মায়েরা।
ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাপে কাটলে ওঝা বা গুণিনের কাছে না গিয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। তবে প্রশাসনের আশ্বাসেও কাটছে না আতঙ্ক।
বিলেশ্বর পঞ্চায়েতের সদস্য বিপ্লব মণ্ডল বলেন, কয়েক দিন ধরেই গ্রামে সাপের উপদ্রব বেড়েছে। ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে। আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকেও গ্রাম পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

