সর্বশেষ খবর
চাকরি-প্রতারণা মামলায় খারিজ জামিন, জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অজিত
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: চাকরির নামে লক্ষাধিক টাকার আর্থিক প্রতারণার মামলায় অবশেষে শ্রীঘরে যেতে হলো পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দলের প্রাক্তন জেলা সভাপতি অজিত মাইতিকে। মেদিনীপুর সিজেএম আদালতে তাঁর করা জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতের এই নির্দেশের পর আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সংশোধনাগারেই কাটাতে হবে এই নেতাকে।
একই মামলায় ধৃত অজিতের শ্যালক গোবিন্দ কর, তাঁর গাড়িচালক অমল ভুঁইয়া এবং ঘনিষ্ঠ পরিচিত প্রণব মণ্ডল ওরফে সাহেবকে অবশ্য এখনই রেহাই দেয়নি আদালত। তদন্তের স্বার্থে সরকারি আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারক তাঁদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, আইসিডিএস (ICDS)-এ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজিতের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, ২০২৫ সালে তাঁর স্ত্রীর সরকারি চাকরির জন্য এই বিপুল অঙ্কের টাকা দেওয়া হলেও চাকরি মেলেনি। উল্টে দীর্ঘদিন কেটে যাওয়ার পর সেই টাকা ফেরত চাইতে গেলে তাঁদের রীতিমতো হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। গত ২৬ সেপ্টেম্বর খড়্গপুর লোকাল থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নেমে পুলিশ প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে।
এর আগে দলের বিশেষ সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার একটি পুরনো মামলায় মেদিনীপুর আদালত থেকে জামিন পেয়েছিলেন অজিত। কিন্তু খড়্গপুরের এই নতুন চাকরি-প্রতারণা মামলায় তাঁর পিছু ছাড়ল না পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃত শ্যালক ও গাড়িচালকের বাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধেই বেশ কিছু ল্যাপটপ, নগদ টাকা, সোনা এবং চাকরিপ্রার্থীদের বায়োডেটা-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এই চক্রে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।

