নতুন ছবির শুটিং শুরু করবেন শাহরুখ
শাহরুখ খান ‘কিং’-এর কাজ শেষ করে ‘জওয়ান টু’-র শুটিং শুরু করবেন। শোনা যাচ্ছে, ‘জওয়ান’ ছবির শেষেই আভাস ছিল সিকুয়েলের। এ বার অ্যাটলির পরিচালনায় সেই কাজ শুরু করতে চলেছেন তিনি। কয়েক সপ্তাহখ আগেই চিত্রনাট্য চূড়ান্ত করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে ছবিতে দক্ষিণের কোনও তারকা থাকতে পারেন খলচরিত্রে। অভিনেতা নির্বাচনও হয়ে গিয়েছে বলে খবর।
‘কিং’-এর কাজ শেষের দিকে। আগামী বছরের গোড়ায় ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এই ছবি দিয়ে ডেবিউ করতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা খান। আপাতত চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। সে সব মিটিয়ে ‘জওয়ান টু’-র কাজ শুরু করবেন অভিনেতা। শোনা যাচ্ছে, আগামী বছর এ ছবির শুটিং শুরু হবে। এ দিকে মে মাসের শেষে অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘রাকা’র শুট শুরুর কথা রয়েছে অ্যাটলির। এর মধ্যে দীপিকা তাঁর দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছেন। নতুন ছবির খবর আসতেই উন্মাদনা শাহরুখের ভক্তদের মধ্যে।

