নাবালিকা বিয়ে ও সন্তান প্রসব, ভবানীপুর থানার জিরো এফআইআরে মুর্শিদাবাদে গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: আঠারো বছর এক মাস বয়সি এক তরুণী কলকাতার সরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেওয়ার ঘটনায় মুর্শিদাবাদে গ্রেফতার হলেন তাঁর স্বামী। নাবালিকা অবস্থায় বিয়ে এবং গর্ভধারণের অভিযোগে বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার সংশ্লিষ্ট থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন ও পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে তরুণী যখন নাবালিকা ছিলেন, তখনই দুই পরিবারের সম্মতিতে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা একসঙ্গেই বসবাস করছিলেন। গর্ভবতী অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর ওই তরুণী কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি হন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। বয়স যাচাই করে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি কলকাতার ভবানীপুর থানায় জানায়। তরুণীর লিখিত জবানবন্দি ও হাসপাতালের নথির ভিত্তিতে গত ৭ অক্টোবর ভবানীপুর থানায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। যেহেতু ঘটনাস্থল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত, তাই ১২ অক্টোবর সমস্ত নথি সহ ওই এফআইআরটি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। পরদিনই স্থানীয় থানায় তা নথিভুক্ত করে তদন্তে নামে পুলিশ এবং বৃহস্পতিবার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৪ (২) (এম) ধারা, পকসো আইনের ৬ নম্বর ধারা এবং বাল্যবিবাহ নিরোধ আইনের ৯ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। তবে আপাতত কেবল স্বামীকেই অভিযুক্ত করা হয়েছে, দুই পরিবারের অভিভাবকদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি।
উল্লেখ্য, নাবালিকা মায়ের সংখ্যায় গোটা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে এই জেলায় ১৮ বছরের কম বয়সে মা হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন কিশোরী। যার মধ্যে গ্রামাঞ্চলে ১২ হাজার ৫৮৫ জন এবং শহরাঞ্চলে ২৬২ জন। মাস দুয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উদ্বেগজনক তথ্য সামনে এনে বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিনের গ্রেফতারি প্রশাসনের সেই কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

