জেলা
হাতিকে লক্ষ্য করে আগুন, তদন্তে মেদিনীপুরের বনদপ্তর
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: উৎসবের মরশুমের মাঝেই জঙ্গলমহলে বন্যপ্রাণী ও মানুষের সংঘাত ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মেদিনীপুরের জঙ্গলে হাতির দল লক্ষ্য করে জ্বলন্ত হুলা (মশাল) ছুঁড়ে মারার এক নৃশংস অভিযোগ উঠল বুনো হাতি তাড়ানোর দায়িত্বে থাকা হুলা পার্টির বিরুদ্ধে। হাতির গায়ে আগুন ছুঁড়ে মারার সেই শিউরে ওঠা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে পশুপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড় উঠেছে। নড়েচড়ে বসেছে বনদপ্তরও। পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মেদিনীপুরের বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আশ্বস্ত করেছেন।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় যখন কালীপুজো এবং ঐতিহ্যবাহী বাঁদনা পরবের আনন্দ উৎসব চলছে, তখনই সেখানে হানা দেয় একটি হাতির দল। সোমবার সন্ধ্যায় দলটিকে ভাদুতলা রেঞ্জের গড়মাল থেকে চাঁদড়া রেঞ্জের শুকনাখালির জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা। অভিযোগ, মেদিনীপুর সদর ব্লকের আউসাবান্দি গ্রামের জঙ্গলে হাতিগুলিকে তাড়ানোর সময় আচমকাই হুলা পার্টির কিছু কর্মী চরম নৃশংসতা দেখান। গজরাজকে লক্ষ্য করে একের পর এক জ্বলন্ত মশাল ছুঁড়তে শুরু করেন তাঁরা। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার সময় জ্বলন্ত হুলাগুলি সরাসরি গিয়ে আছড়ে পড়ে কয়েকটি হাতির পিঠে ও শরীরে। যন্ত্রণায় হাতিগুলিকে আর্তনাদ করে ছুটতে দেখা যায়।
এর আগে সুপ্রিম কোর্ট হাতি তাড়ানোর ক্ষেত্রে জ্বলন্ত লোহার শলাকা বা মশাল ব্যবহার নিষিদ্ধ করলেও, জঙ্গলমহলে এই ধরনের ঘটনা বারবার ঘটায় ক্ষুব্ধ বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। মেদিনীপুরের ডিএফও স্টিফেন জাস্টিন এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, এই ধরণের আচরণ কোনওমতেই মেনে নেওয়া যায় না। ভিডিওটি খতিয়ে দেখে ঠিক কারা এই কাজ করেছে, তা চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

