বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বহু যাত্রী

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬
অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বহু যাত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে উত্তর-পূর্ব ভারতে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। অসমের গুয়াহাটি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে দিগারু স্টেশন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল দূরপাল্লার কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকাল আনুমানিক ৬টা ৫৪ মিনিট নাগাদ ট্রেনের ইঞ্জিন-সহ সাতটি বগি আচমকাই লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রেল সূত্রে খবর, দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। তবে আশার কথা, এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময়ে দিগারু রেল স্টেশনে ট্রেনটি ঢোকার প্রক্রিয়া চলছিল। লাইনে অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ দিতে গিয়েই সম্ভবত এই বিপর্যয় ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, পয়েন্ট পরিবর্তনের সময় গতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই ট্রেনের কামরাগুলি লাইন থেকে ছিটকে যায়। বিকট শব্দে রেললাইন থেকে চ্যুত হয়ে বেশ কয়েকটি বগি মাটির দিকে হেলে পড়ে। তীব্র ঝাঁকুনিতে কামরার ভিতরে ছিটকে পড়েন যাত্রীরা। তীব্র আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। 
দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন দিগারুর স্থানীয় বাসিন্দারা। রেল আধিকারিক, স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দলও দ্রুত এলাকায় পৌঁছয়। লাইনচ্যুত কামরাগুলির জানলা ও দরজা ভেঙে আটকে পড়া বিপন্ন যাত্রীদের একে একে নিরাপদে বের করে আনার কাজ শুরু হয়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
রেলের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, লুপ লাইনে ঢোকার সময় চালক গতি কমাতে ব্যর্থ হন, যার জেরে এই ঘটনা। এর ফলে মিজোরাম-কলকাতা রেল যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আটকে পড়া বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এই দুর্ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় লাইন পরিষ্কার এবং মেরামতের কাজ চালাচ্ছে রেল প্রশাসন।