জেলা
পর্যটকদের রেকর্ড ভিড়ে জমজমাট ঝাড়গ্রাম চিড়িয়াখানা, বাড়ছে রাজস্ব
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শাল-পিয়ালের সবুজ অরণ্যের মাঝে বন্যপ্রাণীদের অবাধ বিচরণ দেখতে উপচে পড়ছে ভিড়। পর্যটকদের ঢলে এখন রীতিমতো জমজমাট ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। দক্ষিণবঙ্গের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র হিসেবে অরণ্যশহর ঝাড়গ্রামের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আর সেই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়েই এই চিড়িয়াখানায় বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর— মাত্র সাত মাসে পার্কে পা রেখেছেন ৮৪ হাজার ৫৫৮ জন পর্যটক। রেকর্ড সংখ্যক এই ভিড়ের জেরে বন দফতরের কোষাগারেও এসেছে বিপুল রাজস্ব।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই সাত মাসে শুধুমাত্র প্রবেশমূল্য বা টিকিট বিক্রি থেকেই আয় হয়েছে ১৯ লক্ষ ৫৪ হাজার ৭৯০ টাকা। শীতের মরশুম পুরোদমে শুরু হওয়ার আগেই পর্যটকদের এমন অভূতপূর্ব সাড়ায় রীতিমতো উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ। ছুটির দিনগুলি তো বটেই, সপ্তাহের অন্যান্য দিনেও সকাল থেকেই টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ছে।
ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ধবনী বিটে সাড়ে ২২হেক্টর জায়গাজুড়ে পার্কটি রয়েছে। অরণ্যের মধ্যে পার্কটি গড়ে তোলা হয়েছিল। ১৯৮০সালে ঝাড়গ্রাম মিনি জু নামে পার্কটির উদ্বোধন হয়। ২০০৫সালে সেন্ট্রাল জু অথরিটির উদ্যোগে পার্কের পরিকাঠামোয় পরিবর্তন আনা হয়। বিগত রাজ্য সরকারের সময় চিড়িয়াখানার সম্প্রসারণ ঘটিয়ে জুলজিক্যাল পার্কের নতুন চেহারা দেওয়া হয়। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ২০২৩ সালে সেলফি জোনের উদ্বোধন করা হয়। বন্যপ্রাণীদের চিকিৎসা ও শুশ্রূষার জন্য চালু করা হয় অ্যাম্বুলেন্স পরিষেবা। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য পার্কের ভিতরেই ‘সৃষ্টিশ্রী’ বিপণন কেন্দ্রের সূচনা হয়। জঙ্গলমহলে রাজনৈতিক শান্তি ফিরে আসার পর পর্যটকদের সমাগম বাড়তে শুরু করে। বনদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে জুলজিক্যাল পার্কে এসেছিলেন ৭৮০১ জন পর্যটক। আগস্ট মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৮১জনে। অক্টোবরে পর্যটকদের সংখ্যা একলাফে পৌঁছে যায় ২৩হাজার ৮৮২ জনে। শুধুমাত্র অক্টোবর মাসেই টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৫লক্ষ ৪১হাজার ৯৬৫টাকা।
রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও মাসখানেক আগে জুলজিক্যাল পার্ক পরিদর্শনে এসেছিলেন। পাশাপাশি প্রস্তাবিত টাইগার সাফারির এলাকাও ঘুরে দেখেন। পার্কে আরও নতুন বন্যপ্রাণী আনার কথা জানান। পার্কে ঢুকলেই সবুজের সমারোহ। এনক্লোজারের ভিতরে পেখম মেলে বনময়ূর ঘুরে বেড়ায়, রয়েছে ম্যাকাও। ভাল্লুকদের জন্য পরিখা ঘেরা বিশেষ জায়গা রয়েছে। দু’টি ভাল্লুকের খুনসুটি দেখতে পর্যটকরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকন। পার্কের অন্যতম আকর্ষণ চিতাবাঘ।
স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মতে, চিড়িয়াখানাকে কেন্দ্র করে আশপাশের এলাকার অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। হোটেল, রিসর্ট থেকে শুরু করে ছোট দোকানদার ও গাড়িচালকদেরও রোজগার বেড়েছে। আগামী কয়েক মাসে শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় ও আয়ের অঙ্ক আরও নতুন নজির গড়বে বলেই আশাবাদী বন দফতর।

