জেলা
তেনজিং নোরগেকে শ্রদ্ধা: শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত ৭৩তম ‘এভারেস্ট ডে’
প্রকাশিত: ২৯ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও গভীর শ্রদ্ধার সঙ্গে শিলিগুড়িতে পালিত হল ৭৩তম ‘মাউন্ট এভারেস্ট ডে’। ১৯৫৩ সালের ২৯ মে মানব ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল। নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং ভারতের শেরপা তেনজিং নোরগে প্রথম মানুষ হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। সেই ঐতিহাসিক সাফল্যকে স্মরণ করেই প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে ‘এভারেস্ট ডে’ হিসেবে পালন করা হয়।
শুক্রবার শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত কিংবদন্তি পর্বতারোহী তেনজিং নোরগের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল শিলিগুড়ি পুরনিগম। এদিনের মূল অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সকাল থেকেই দার্জিলিং মোড় চত্বরে উপস্থিত হয়েছিলেন পুরনিগমের শীর্ষ আধিকারিক, বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শহর ও সংলগ্ন এলাকার বহু সাধারণ মানুষ।
অনুষ্ঠানের শুরুতেই তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রথাগত পাহাড়ি উত্তরীয় ‘খাদা’ পরিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়রের শ্রদ্ধা জানানোর পর সেখানে উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথি এবং সাধারণ নাগরিকরাও একে একে মহান এই পর্বতারোহীর প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।
পুষ্পাঞ্জলি প্রদান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তেনজিং নোরগের অসামান্য অবদান এবং দুর্গম মাউন্ট এভারেস্ট জয়ের রোমাঞ্চকর ইতিহাস স্মরণ করা হয়। শহরের ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষেরা মনে করছেন, এই ধরণের অনুষ্ঠান তরুণ প্রজন্মের মধ্যে পর্বতারোহণের প্রতি আগ্রহ বাড়াতে এবং তেনজিং নোরগের মতো মহান ব্যক্তিত্বের জীবন সম্পর্কে জানতে সাহায্য করবে।

