বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তৃণমূলের দাপুটে নেতা বুদবুদের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
তৃণমূলের দাপুটে নেতা বুদবুদের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু গ্রেপ্তার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মনা কুণ্ডুকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাতে গা ঢাকা দিয়ে থাকা অবস্থা থেকে বাড়ি ফিরতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিচারক ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে গোটা বুদবুদ ও সংলগ্ন রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুদ্রপ্রসাদ কুণ্ডু দীর্ঘদিন ধরেই বুদবুদ এলাকায় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষকে হুমকি এবং তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল। রাজ্যে শাসক দলের পালাবদলের আগে ও পরে তাঁর বিরুদ্ধে নানা অশান্তি সৃষ্টির অভিযোগ জমা পড়েছিল থানায়। গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই একাধিক গণ্ডগোলের মামলায় তাঁর নাম জড়ায়। আইনি জটিলতা ও পুলিশের হাত থেকে বাঁচতে ভোটের পর থেকেই তিনি এলাকা ছাড়া ছিলেন।
তবে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার রাতে মনা কুণ্ডু আচমকাই বুদবুদে নিজের বাড়িতে ফিরে এসেছেন। খবর পাওয়া মাত্রই বুদবুদ থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। গভীর রাতে তাঁর বাড়ি ঘেরাও করে পুলিশ বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। ধৃত নেতাকে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালেই দুর্গাপুর আদালতে পাঠানো হয়। তবে রুদ্রপ্রসাদ এদিন অভিযোগ অস্বীকার করে বলেন, ক্লাবে ক্লাবে ঝামেলা হয়েছে। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কোথাও তোলাবাজি করিনি। কাউকে ভয় দেখাইনি। কেউ প্রমান দিতে পারবে না। 
এদিন বিজেপি কর্মীরা থানায় গিয়ে রুদ্রপ্রসাদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। বিজেপি কর্মীরা বলেন, মনা কুন্ডুকে যেমন গ্রেপ্তার করা হয়েছে। ওর সাথে থাকা সন্ত্রাসীরা এখনো বুদবুদে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
এই গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির স্থানীয় নেতৃত্ব দাবি করেছে, আইন নিজের পথেই চলছে এবং দীর্ঘদিন ধরে এলাকায় যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, তার অবসান ঘটছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের একাংশ এটিকে সম্পূর্ণ আইনি বিষয় বলে এড়িয়ে গেছে এবং আইনের ওপর আস্থা রাখার কথা জানিয়েছে। তৃণমূলের গলসি-১ ব্লকের সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, আইন মোতাবেক পুলিশ গ্রেপ্তার করেছে। তার মানে পুলিশের কাছে পর্যাপ্ত কারন আছে। তবে আমি যতদূর জানি ওর বিরুদ্ধে যতগুলি মামলা ছিল সেগুলিতে জামিন নিয়েছে। এবার নতুন করে যদি মামলা হয়ে থাকে সেটা আইনের বিষয়। আইনের বাইরে কেউ নয়।

আরও জেলা খবর