বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ও পার বাংলা থেকে বর্ধমানে এসে ফোন ফেরালেন যুবক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬
ও পার বাংলা থেকে বর্ধমানে এসে ফোন ফেরালেন যুবক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চুরি যাওয়া বহুমূল্য মোবাইল ফোন চলে গিয়েছিল বাংলাদেশে। কিন্তু শেষরক্ষা হল না। আইনের হাত থেকে বাঁচতে নয়, বরং সততার অনন্য নজির গড়ে ও পার বাংলা থেকে সশরীরে বর্ধমান থানায় এসে সেই চোরাই মোবাইল ফেরত দিয়ে গেলেন এক বাংলাদেশি নাগরিক। সোমবারের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মহলে। বিদেশি ওই নাগরিকের এমন সততাকে সাধুবাদ জানিয়েছেন খোদ পুলিশকর্তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারার একটি দামি স্মার্টফোন খোয়া যায়। তিনি তড়িঘড়ি বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে বর্ধমান থানার সাইবার সেল জানতে পারে, মোবাইলটি কাঁটাতারের সীমান্ত পেরিয়ে বাংলাদেশের রাজশাহী জেলার নওদা এলাকায় সক্রিয় রয়েছে। ফলে ফোনটি উদ্ধার করা কার্যত অসম্ভব বলেই ধরে নিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু কয়েক দিন আগেই ঘটে এক চমকপ্রদ ঘটনা। সাইবার সেল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে, ওই মোবাইল সেটটি ভারতের চেন্নাইয়ে নতুন করে চালু হয়েছে।
এর পরই তদন্তের মোড় ঘোরে। পুলিশ জানতে পারে, বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলি নওদা জেলার ‘জনি গ্যাজেট’ নামে একটি দোকান থেকে মোবাইল ফোনটি কিনেছিলেন। তিনি আসলে ফোনটি চোরাই তা জানতেন না। চিকিৎসার জন্য বৈধ ভিসা নিয়ে ভারতের চেন্নাইয়ে আসার পর ওই ফোনে তিনি একটি ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন। আর তাতেই পুলিশের জালে ধরা পড়ে ফোনের অবস্থান। বর্ধমান থানার পুলিশ চেন্নাইয়ে আহাদ আলির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানালে তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তড়িঘড়ি সোমবার বর্ধমান থানায় এসে মোবাইলটি পুলিশের হাতে তুলে দেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে ফোনটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।