রাহুলকে ‘ফেলড প্রোডাক্ট’ বলে কটাক্ষ মোদির
নিজস্ব প্রতিনিধি: এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করে শতাব্দীপ্রাচীন দলটির ‘রানিং কমেন্ট্রি’ এবং যুবরাজকে খোঁচা দিয়ে তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, কংগ্রেস আর কতদিন একটি ‘ফেলড প্রোডাক্ট’ বারবার বাজারে নতুন করে আনার চেষ্টা চালিয়ে যাবে!
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘‘বর্তমানে যখন সারা বিশ্ব এক নতুন বিশ্বব্যবস্থা বা শৃঙ্খলা খুঁজছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমাদের এই দেশেই এমন কিছু মানুষ আছেন, যাঁরা প্রতিনিয়ত বিশৃঙ্খলার স্বপ্ন দেখছেন।” কারও নাম সরাসরি মুখে না আনলেও রাজনৈতিক ওয়াকিবহাল মহলের স্পষ্ট মত, কংগ্রেস এবং রাহুল গান্ধীকে লক্ষ্য করেই এই তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী।
কংগ্রেসের বর্তমান রণকৌশলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ”আমি জানি না, নিজেদের এই ব্যর্থ পণ্যটিকে বাজারে সফল করে তোলার মরিয়া চেষ্টায় কংগ্রেস আর কতবার গোটা দেশকে ঝুঁকির মুখে ফেলবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রেও সম্ভবত ততবার রকেট উৎক্ষেপণের চেষ্টা চালানো হয় না, যতবার কংগ্রেস তাদের এক নেতাকে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এর পরেই আরও চাঁছাছোলা ভাষায় মোদি বলেন, ‘‘দলটি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস করতে যা খুশি করতে পারে, তাতে আমাদের কোনও আপত্তির কারণ নেই। কিন্তু একটি নির্দিষ্ট পরিবারকে ব্যর্থতার কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে কংগ্রেস এখন ভারতের বৈশ্বিক অর্জন, মহিমা এবং সামগ্রিক উন্নয়নকে বিপন্ন করে তুলছে।” কংগ্রেসের এই নেতিবাচক মানসিকতার সমালোচনা করে প্রধানমন্ত্রীর সংযোজন, ‘‘আঙুর ওদের কাছে এতটাই টক হয়ে গিয়েছে যে, এখন সেই আঙুরগাছটিকেই পুরোপুরি ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস।” প্রধানমন্ত্রীর এই ঝাঁঝালো আক্রমণের পর এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

