দেশ
সিবিএসইয়ের নতুন নিয়ম: নবম-দশমে তিনটি ভাষা বাধ্যতামূলক
প্রকাশিত: ১৭ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সিবিএসই স্কুল শিক্ষায় বড় বদল এনেছে। বোর্ড জানিয়েছে, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের তিনটি ভাষা পড়তে হবে। ওই তিনটির মধ্যে অন্তত দু’টি ভাষা ভারতীয় হতে হবে।
তৃতীয় ভাষার জন্য বোর্ড পরীক্ষা হবে না। তবে সেই ভাষায় স্কুলে অভ্যন্তরীণ মূল্যায়ন করা হবে এবং সার্টিফিকেটে সেই নম্বর দেখানো হবে। ছাত্রছাত্রী চাইলে তৃতীয় ভাষা হিসেবে কোনো বিদেশি ভাষাও নিতে পারবে, কিন্তু বাকি দু’টি ভাষা ভারতীয়ই হতে হবে। বিদেশি ভাষার ক্ষেত্রে অতিরিক্ত চার নম্বর ভাষা হিসেবেও নেওয়া যাবে।
নতুন এই নিয়ম ১ জুলাই থেকে চালু হবে। ১৫ জুনের মধ্যে বোর্ড পড়ানোর নিয়ম বা গাইডলাইন প্রকাশ করবে। নতুন শিক্ষাবর্ষ এপ্রিল থেকে শুরু হওয়ায় স্কুলগুলো ধাপে ধাপে এই নীতি মেনে চলতে পারবে, বলে মনে করছে সিবিএসই।
নতুন বই না পাওয়া পর্যন্ত নবম শ্রেণিতে ষষ্ঠ শ্রেণির বই ব্যবহার করা যাবে। ১৯টি ভারতীয় ভাষার বই ১ জুলাইয়ের মধ্যে স্কুলে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। পাঠ্যবইয়ের পাশাপাশি স্থানীয় ভাষায় লেখা কবিতা, ছোটগল্প ও কল্পকাহিনি পড়ানোর কথা বলা হয়েছে।
শিক্ষক সংখ্যা কম হলে অন্য ভাষার শিক্ষককেও কাজে লাগানো যাবে। সিবিএসই স্কুলগুলোর সুবিধার জন্য নির্দেশিকা দিয়েছে যেন কোনো সমস্যা না হয়।
শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা ভারতীয় ভাষায় আগ্রহ পাবে এবং ভাষার দক্ষতা বাড়বে। কিছু স্কুল প্রশাসক ও অভিভাবক এখনও শিক্ষক সংকট ও বই পৌঁছানোর বিষয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন। বোর্ড অবশ্য পুরো বিষয়টিতে অভিভাবকদের আশ্বস্ত করেছে।

