সর্বশেষ খবর
প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল নেতা খোকন, দুর্নীতির অভিযোগ
প্রকাশিত: ৩১ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: অবশেষে পুলিশি জালে ধরা পড়লেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ (এলাহাবাদ) থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা এবং ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, নির্বাচনের ফল প্রকাশের ঠিক পাঁচ থেকে সাত দিন পর থেকেই খোকন দাস হঠাৎ গা ঢাকা দেন। তাঁর খোঁজে রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খোকন দাসের ডেরায় হানা দেয় পুলিশ বাহিনী এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাক্তন বিধায়কের এই গ্রেপ্তানির খবর চড়তেই বর্ধমান জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূল জমানায় খোকন দাসের প্রতিপত্তি ও সম্পত্তি উল্কার গতিতে বেড়েছে। সামান্য অবস্থা থেকে মাত্র কয়েক বছরে তিনি কয়েক কোটি টাকার মালিক হয়ে উঠেছেন। বর্ধমান শহর ও তার আশেপাশে তাঁর নামে-বেনামে বিপুল সম্পত্তি ও বিলাসবহুল বাড়ি রয়েছে বলে অভিযোগ।
খোকন দাসের এই বিপুল সম্পত্তির পাশাপাশি তাঁর আয়োজিত ‘কাঞ্চন উৎসব’ নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। স্থানীয়দের বক্তব্য, প্রতি বছর কয়েক কোটি টাকা খরচ করে এই উৎসবের আয়োজন করতেন বিধায়ক। যেখানে মুম্বাইয়ের নামী-দামী তারকা ও সংগীতশিল্পীদের নিয়ে আসা হতো। এই জাঁকজমকপূর্ণ উৎসবের বিপুল অর্থ কোথা থেকে আসত, তা নিয়ে শহরের মানুষের মনে দীর্ঘদিন ধরেই সন্দেহ ও প্রশ্ন ছিল। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের থেকে তোলাবাজি এবং চাকরি দেওয়ার নাম করে নেওয়া দুর্নীতির টাকাই উড়ানো হতো এই কাঞ্চন উৎসবে।
আপাতত ধৃত বিধায়ককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তাঁর এই বিপুল সম্পত্তির উৎস কী এবং এই আর্থিক প্রতারণার চক্রে আর কারা যুক্ত আছেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

