স্বাস্থ্য পরিষেবায় দালাল মুক্ত পরিবেশ গড়ে তোলার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কড়া বার্তা দিলেন। তিনি বলেন, রাজ্যে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়াই এখন সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ, বিশিষ্ট সিনিয়ার ডাক্তারেরা সহ মেডিকেল টিম, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, কান্দির বিধায়ক ও প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, বেলডাঙার বিধায়ক ভরত ঝাওয়ার এবং বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্য, "স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু দুর্নীতিতে ভরে আছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শুধু এটুকু বলতে পারি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিষেবা মানুষকে আমরা দিতে চলেছি আগামী দিন। হাসপাতালের দালাল রাজ বন্ধ হবে।"
প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন রোগীদের সাথে ভালো ব্যবহার করতে এবং রোগীকে এখানেই সুস্থ করার চেষ্টা করতে। পাশাপাশি আয়া সহ দালাল রাজ বন্ধ করতে হবে বলেও তিনি জানান। রোগী সুস্থ হওয়ার পর একটা লোক বারবার হাসপাতালে আসলে তাকে চিহ্নিত করুন। সিনিয়র চিকিৎসকদের রোগী পরিষেবা দিতে আরো সক্রিয় হতে হবে। রাত দশটার পরেও হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে হবে।"
শনিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পরিষেবার মান বাড়ানোর উপরেই সবচেয়ে বেশি জোর দেন।

