বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিজেপিকে টেক্কা দিতেই ভারতে ব্লক ‘আরশোলা জনতা পার্টি’র এক্স হ্যান্ডল, খুলল নয়া অ্যাকাউন্ট

প্রকাশিত: ২২ মে, ২০২৬
বিজেপিকে টেক্কা দিতেই ভারতে ব্লক ‘আরশোলা জনতা পার্টি’র এক্স হ্যান্ডল, খুলল নয়া অ্যাকাউন্ট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সমাজমাধ্যমে ঝড় তোলা ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) বা আরশোলা জনতা পার্টির অফিশিয়াল এক্স হ্যান্ডলটি ভারতে ব্লক বা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। একটি ‘আইনি দাবি’র পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ করা হয়েছে বলে এক্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টার মধ্যেই দমে না গিয়ে ‘Cockroach Is Back’ নামে একটি সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট খুলে ফের মাঠে নেমে পড়েছে আরশোলা বাহিনী। নতুন এই অ্যাকাউন্টেও মাত্র কয়েক ঘণ্টায় হাজার হাজার মানুষ যুক্ত হয়েছেন।

সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি মৌখিক পর্যবেক্ষণকে কেন্দ্র করে গত ১৬ মে এই ‘আরশোলা জনতা পার্টি’র আত্মপ্রকাশ ঘটে। দেশের বেকার তরুণ-তরুণীদের একাংশকে এক মন্তব্যে ‘আরশোলা’র সঙ্গে তুলনা করার পর, যুবসমাজ প্রতিবাদ হিসেবে এই ব্যঙ্গাত্মক ডিজিটাল আন্দোলন শুরু করে। মাত্র কয়েক দিনের মধ্যেই তরুণ প্রজন্মের (জেন-জি) মধ্যে এই পেজটির জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলে। এমনকি ইনস্টাগ্রামে এদের ফলোয়ার সংখ্যা শাসকদল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ছাপিয়ে যায়। ইনস্টাগ্রামে যেখানে বিজেপির ফলোয়ার সংখ্যা প্রায় ৮৯ লক্ষ, সেখানে আরশোলা পার্টির ফলোয়ার এক লাফে ১ কোটি ৬৪ লক্ষ পার হয়ে যায়। আরশোলা পার্টি পিছনে ফেলে দিয়েছে ১৪৩ বছরের পুরনো কংগ্রেসকেও (১ কোটি ৩৩ লক্ষ)। 
বৃহস্পতিবার সকালে এই রেকর্ড ছোঁয়ার পরেই ঘটে ছন্দপতন। ভারত থেকে আরশোলা পার্টির মূল এক্স হ্যান্ডলটি আর দেখা যাচ্ছিল না। সিজেপি-র প্রতিষ্ঠাতা তথা আম আদমি পার্টির প্রাক্তন সমাজমাধ্যম কৌশলী অভিজিৎ দীপকে এই ঘটনার একটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, এমনটাই আশা করা হয়েছিল। আমাদের উল্কাসম উত্থান দেখেই ভয় পেয়ে সরকার এই কাজ করেছে। তিনি আরও জানান যে, তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও হ্যাক করার চেষ্টা করা হয়েছিল।
তবে ডিজিটাল মাধ্যমে এই কণ্ঠরোধের চেষ্টা সফল হয়নি। নতুন অ্যাকাউন্ট খুলে প্রথম পোস্টেই আরশোলা পার্টি লেখে, "ভেবেছিলে আমাদের থেকে মুক্তি পেয়ে যাবে? হা হা!" সাথে তারা বিজেপি ও তাদের ফলোয়ার সংখ্যার তুলনামূলক স্ক্রিনশট পোস্ট করে লেখে, ঠিক এই কারণেই আমাদের ব্লক করা হয়েছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুগে মিম সংস্কৃতি ও ব্যঙ্গাত্মক রসকৌতুক কীভাবে দেশের যুবসমাজের প্রতিবাদের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠতে পারে, আরশোলা পার্টি তার এক জ্বলন্ত উদাহরণ। এই আইনি নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও আরশোলা পার্টির তরফে জানানো হয়েছে। তবে তুমুল জনপ্রিয়তার মধ্যেই এবার গ্রেপ্তারির আশঙ্কা করছেন দিপকে। বর্তমানে তিনি আমেরিকার বস্টনে রয়েছেন। সেখানেই পড়াশুনো করেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফলোয়ার সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। তাতে আমি খুব একটা খুশি নই। কী হবে এই বাড়তি জনপ্রিয়তায়? কারণ মূল সমস্যাগুলি একই থাকবে। 
তিনি আরও বলেন, দিল্লি বিমানবন্দরে নামার পরই দিল্লি পুলিশের কনভয় আমায় তিহার জেলে নিয়ে যাবে বলে মনে হচ্ছে।  এদিকে, জনপ্রিয়তার তুঙ্গে থাকা ককরোচ জনতা পার্টির ট্রেডমার্ক পেতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এই নামে অধিকার পেতে ইতিমধ্যেই তিনটি আবেদন জমা পড়েছে। সরকারি সূত্রে এমনই খবর।