জেলা
বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের ইস্তফা
নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ফের বীরভূমের শাসক শিবিরে বড়সড় ধাক্কা। আচমকাই বোলপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী পর্ণা ঘোষ। শুক্রবার বিকেলে তিনি বোলপুরের মহকুমা শাসক (এসডিও) অনিমেষকান্তি মান্নার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও এই পদত্যাগের পিছনে তিনি সম্পূর্ণ পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন, তবুও এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ইস্তফার নেপথ্যে রয়েছে অন্য এক সমীকরণ। সম্প্রতি ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার একটি পুরনো মামলায় পর্ণার স্বামী তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের নাম জড়ায়। তাঁর বিরুদ্ধে বোলপুর থানায় একটি লিখিত এফআইআর (FIR) দায়ের করেন স্থানীয় এক বিজেপি নেতা। স্বামীর বিরুদ্ধে পুলিশের এই আইনি পদক্ষেপের পরই পর্ণা দেবীর এই আকস্মিক ইস্তফা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। শোনা যাচ্ছে, শুধু পুরসভার চেয়ারম্যান পদই নয়, আগামী সোমবার তিনি কাউন্সিলর পদ থেকেও পাকাপাকিভাবে অব্যাহতি চেয়ে আবেদন করতে পারেন। যদিও এই গোটা বিষয়ে মুখ খোলেননি পর্ণা ঘোষ নিজে। তাঁর সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ স্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, পর্ণা চেয়ারম্যান পদ ছেড়েছেন এবং আগামীতে কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেবেন। অন্যদিকে, মহকুমা শাসক অনিমেষকান্তি মান্না জানিয়েছেন, তিনি বোলপুর পুরসভার চেয়ারম্যানের পদত্যাগপত্রটি পেয়েছেন। ২০২০ সাল থেকে বোলপুরের প্রশাসনিক দায়িত্বে থাকা এই নেত্রীর আকস্মিক সরে দাঁড়ানোয় শহরজুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

