বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

জলপাইগুড়ি জেলা স্কুলের ঘটনায় ‘গুণধর’ ছাত্রদের টিসি দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
জলপাইগুড়ি জেলা স্কুলের ঘটনায় ‘গুণধর’ ছাত্রদের টিসি দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শিক্ষক দিবসের ফিস্টকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে ছাত্রদের তাড়া করা ও হেনস্থার ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। জলপাইগুড়ি জেলা স্কুলের এই লজ্জাজনক ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ‘অ্যাকশন’ মুডে অবতীর্ণ হলেন রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করে অবিলম্বে স্কুল থেকে বের করে দেওয়ার অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট (TC) দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবারের মধ্যেই দোষী ছাত্রদের চিহ্নিত করার জন্য জেলা স্কুল পরিদর্শককে (DI) সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এদিন জলপাইগুড়ি জেলা স্কুলে সশরীরে হাজির হন শিক্ষামন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, "এটি অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক ঘটনা। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে ওই ছাত্ররা আর কোনোভাবেই থাকতে পারবে না। তাদের জলপাইগুড়ি জেলা স্কুল থেকে ছুটি দেওয়া হবে।" তবে ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের অন্য স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে অন্য স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের ওই ছাত্রদের ভর্তির ব্যাপারে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিক্ষক দিবসের ফিস্টের আয়োজন নিয়ে বিতর্কের জেরে প্রধান শিক্ষককে স্কুলের ভেতর তাড়া করে মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে একদল ছাত্রের বিরুদ্ধে। সামনে প্রাণভয়ে ছুটছেন প্রধান শিক্ষক আর পিছনে লাঠি-বাঁশ নিয়ে তাড়া করছে ছাত্ররা— এই দৃশ্য ছড়িয়ে পড়তেই গোটা বাংলায় নিন্দার ঝড় ওঠে। নড়েচড়ে বসে বিকাশ ভবন।

পরিস্থিতি খতিয়ে দেখতে শিক্ষা দপ্তরের তরফে একটি বিশেষ পরিদর্শক দল পাঠানো হয়েছিল। তাঁরা শিক্ষকদের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টের ভিত্তিতেই শনিবারের মধ্যে চিহ্নিতকরণ শেষ করে চূড়ান্ত কড়া ব্যবস্থা নেওয়ার পথে হাঁটল রাজ্য প্রশাসন। এই সিদ্ধান্তের পর জলপাইগুড়ি জেলা স্কুলের অন্দরে চাপা উত্তেজনা রয়েছে।