সর্বশেষ খবর
নন্দীগ্রামে নির্বাচনী প্রচার ঘিরে তুমুল অশান্তি, রক্তাক্ত বিজেপি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: উপনির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে। এবার ভোটের প্রচারকে কেন্দ্র করে সরাসরি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল সিপিআই (CPI) এবং বিজেপি। বাম প্রার্থীর উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই পদ্মশিবিরের কর্মী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে দাউদপুর অঞ্চলের মুসলিম প্রধান এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি এবং তাঁর সমর্থকেরা। অভিযোগ, প্রচারের সময় উপস্থিত সংখ্যালঘু মহিলাদের কাছে বাম প্রার্থীর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তাঁরা রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র মাসিক ৩ হাজার টাকা পাচ্ছেন কি না। মহিলাদের একাংশ টাকা পাননি বলতেই বাম কর্মীরা মন্তব্য করেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল, তাই ইচ্ছা করে তোমাদের এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করে টাকা আটকে রেখেছে।
কাছেই উপস্থিত বিজেপি কর্মীরা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তাঁদের দাবি, ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তুলতে সম্পূর্ণ মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হতেই আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সিপিআই কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় এবং এক নেতাকে রক্তাক্ত করা হয়। পাল্টা মারধরের অভিযোগ এনেছে বামেরাও। ঘটনার পর এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নন্দীগ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের অভিযোগই খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি। তাঁর দাবি, সোমবার বিকেলে সুপদি বাজারে একটি সভায় যাওয়ার পথে নয়নান গ্রামে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় আব্বাস বেগ তাঁকে প্রচার না করে সেখান থেকে ফিরে যাওয়ার হুমকি দেয়। ফিরতে রাজি না হওয়ায় তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়েছে বলে অভিযোগ শান্তিগোপালের। লাঠি দিয়ে মারধর, গলা টিপে ধরা-সহ হেনস্থার অভিযোগও করেছেন তিনি। ঘটনাকে ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে। পুলিশ পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে।

