হট টপিক
রাইড বাতিল করায় যাত্রীকে মারধর, শিলিগুড়িতে ধৃত চালক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অ্যাপ-ক্যাব বা বাইক ট্যাক্সির নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। মদ্যপ অবস্থায় বাইক চালাতে চাওয়ায় রাইড বাতিল করায় এক যাত্রীর ওপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল এক র্যা পিডো চালকের বিরুদ্ধে। শুধু চড়-থাপ্পড় মারা নয়, বাইকের চাবি দিয়ে সজোরে আঘাত করে যাত্রীর মাথা ও কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই চালকের বিরুদ্ধে। শিলিগুড়ির এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ পেয়ে ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই যাত্রীর নাম ঋষভ। শিলিগুড়িতে যাতায়াতের জন্য তিনি ওই বাইক ট্যাক্সি বুক করেছিলেন। নির্দিষ্ট সময়ে চালক উজ্জ্বল বরুই বাইক নিয়ে হাজির হন। কিন্তু ঋষভ লক্ষ্য করেন, ওই চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। নিজের জীবন ও নিরাপত্তার ঝুঁকি না নিয়ে ঋষভ স্পষ্ট জানিয়ে দেন, তিনি ওই বাইকে যাবেন না এবং রাইডটি বাতিল করতে বলেন।
অভিযোগ, রাইড বাতিলের কথা শুনতেই মেজাজ হারান উজ্জ্বল। বচসা চলাকালীন আচমকাই তিনি ঋষভের ওপর চড়াও হন এবং হাতের বাইকের চাবি দিয়ে সজোরে কপালে ও মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যাত্রী। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত যুবকের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ উজ্জ্বল বরুইকে গ্রেপ্তার করে।
এই নজিরবিহীন ঘটনার পর অনলাইন পরিবহন অ্যাপগুলির চালকদের শারীরিক ও মানসিক স্থিতি এবং যথাযথ পুলিশ ভেরিফিকেশন নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। এই চরম আতঙ্কের আবহে অনেকেই নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।

